বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা)-এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয় উঠে আসে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ, সরাসরি বিমান যোগাযোগ ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।

এ সময় অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল শিল্প, স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়।

এসব খাত সম্পর্কে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদেরকে আরও অবহিত করার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের লক্ষ্যে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগকে আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের সুযোগ-সুবিধা এবং সরকার প্রদত্ত বিনিয়োগ প্রণোদনা তুলে ধরা হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুদৃঢ় করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) স্বাক্ষরিত হয়। এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল, বহুমুখী ও সুসংহত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬বিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ

সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্নবিস্তারিত পড়ুন

  • রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল
  • আ.লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
  • সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে : জামায়াত আমির
  • দেশে আবারও কমলো সোনার দাম
  • বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল