আ.লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর


আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে এবং এ লক্ষ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে এসব অপরাধের তথ্য সংগ্রহে আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব তথ্য জানান।
মো. আমিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এই গণশুনানি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
গণশুনানির কার্যপদ্ধতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, এতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার বিষয়ে আগে মামলা হয়ে থাকলে সেগুলোর কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হয়ে থাকলে ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জেলা থেকে গণশুনানির কর্মসূচি শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এই কর্মসূচি পরিচালনা করা হবে।
দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম বা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও ভয়ে বা নানা কারণে মামলা করেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে তথ্য রয়েছে।
এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে জাতিকে এই বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যেন আর কখনো কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার এবং অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। তাই এই গণশুনানি কর্মসূচি সম্পূর্ণ আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬বিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ
সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্নবিস্তারিত পড়ুন


