বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, তিনজন সংসদ সদস্যের বাসভবন, থানা, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

ধ্বংসযজ্ঞের ব্যাপকতা ছিল বিস্তৃত। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সহিংসতা চলাকালে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। তিনজন সংসদ সদস্যের বাসভবনেও আগুন দেওয়া হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

দু’টি থানায় আগুন দেওয়া হয়েছে। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়।

এছাড়া প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। নথিতে দেখা যায়, প্রথম সপ্তাহে ধারাবাহিক সহিংস ঘটনা ঘটে, ১৭ ও ১৯ নভেম্বর তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তী সময়ে ছোটখাটো হামলার ঘটনা ঘটে।

প্রথম ঘটনাগুলো ঘটে ১০ নভেম্বর। টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং পাটগাতী বাজারে যুবদল কার্যালয়ে হামলা চালায়। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি স্কুলের সামনে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।

ওইদিন গোপালগঞ্জ সদরে দুপুরে পৌর শিশু পার্কের কাছে পেট্রল ঢেলে একটি পণ্যবাহী ট্রাক ও একটি খাবার সরবরাহকারী ইজিবাইকে আগুন দেওয়া হয়। বিকেল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করা হয়। ১০ মিনিট পর আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন সদস্যকে মারধর করা হয় এবং কাজুলিয়া ইউনিয়নে ছয়টি দোকান ভাঙচুর করা হয়। কাশিয়ানীতে চলন্ত একটি বাসের জানালা ও সামনের দিকের কাচ ভাঙচুর করা হয়।

১৫ নভেম্বর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাটগাতী বাজার ও নতুন বাজারে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকান ভাঙচুর করে। উপজেলা পরিষদের পেছনে বিএনপির একজন নেতার দোকান ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শিশুপার্কের সামনে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয় এবং পাটগাতীতে বিএনপির একজন নেতার বাড়িতে আগুন দেওয়া হয়। একই দিন দুপুর ১২টার দিকে সদরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল থেকে ‘শহীদ হাদি চত্বর’-এর নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ রাখা হয়। বিভিন্ন স্থানে ব্যানার পোড়ানো হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ১৬ নভেম্বর কোটালীপাড়ায় একটি মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়।

১৭ নভেম্বর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার চারটি গাড়ি ও কার্যালয় ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। রাত ৮টার দিকে নিলফা বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িসহ আরও ছয়টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

১৮ নভেম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবনে হামলা চালানো হয়। নথিতে উপজেলার নাম উল্লেখ করা হয়নি।

সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে ১৯ নভেম্বর, চারটি উপজেলায়। মুকসুদপুরে উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা, মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর, বলগ্রাম ও বাটিকামারী শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পার্শ্ববর্তী গ্রামগুলোর আওয়ামী লীগের ১০০ জনের বেশি নেতাকর্মী।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা আটটি বাড়ি, পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি পোলট্রি খামার ভাঙচুর ও লুটপাট করে। পরিবারগুলো আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

কোটালীপাড়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সদরের বিজয়পাশায় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে একটি এসআরবি গাড়ি ভাঙচুর করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার একটি সুপারশপ, একটি রেস্তোরাঁ ও অন্যান্য প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। বেলা ১টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং তার বাড়িতে আগুন দিয়ে লুটপাট করা হয়। বিএনপির একজন নেতার বাড়িতে আগুন দেওয়া হয় এবং পাঁচুরিয়া নিউ মার্কেটে বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়।

২৩ নভেম্বর সদরের লঞ্চঘাটে ১২টির বেশি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় এবং সদর সাব-রেজিস্ট্রি অফিসে হামলা চালানো হয়। কোটালীপাড়ায় রামশীল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের একটি দোকানে আগুন দেওয়া হয়। নথিতে সর্বশেষ ঘটনাটি উল্লেখ করা হয়েছে ২৫ নভেম্বরের। ওই দিন সদরের সাতপাড়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভাঙচুর করা হয়।

প্রতিটি উপজেলাই এসব ঘটনার শিকার হয়েছে। টুঙ্গিপাড়ায় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে সদরে হাসপাতাল ও সংসদ সদস্যের বাড়ি থেকে শুরু করে দোকানপাট, যানবাহন এবং সরকারি কার্যালয় পর্যন্ত সবচেয়ে বিস্তৃত পরিসরে ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো মোতায়েন রয়েছেন। সেখানে বিজিবির ৫৫ প্লাটুন, আনসারের ১৫ প্লাটুন এবং পুলিশের প্রায় ২ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস চলছে। ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।
বাসস

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!