শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিশেষ আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

হাসনাত বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করছে। তারা সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়। আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।

বর্তমান প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট দিতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

তিনি বলেন, ‘চব্বিশের মধ্য দিয়ে যে রাষ্ট্র মেরামতের যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে। বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে চান না জানিয়ে হাসনাত আরও বলেন, ‘বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, অর্থনীতিতে বিনিয়োগ নেই। আমরা চাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেন ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়াই।’

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় এনসিপি।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এ দিনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এনসিপি।

দলটির দাবি, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ এবং এ দেশের জনগণের আত্মত্যাগ বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করতে চেয়েছে। তবে বাংলাদেশের জনগণ কখনো সিপাহী-জনতার অভ্যুত্থান, কখনো জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আধিপত্য ও দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে।

বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে এনসিপি বলেছে, সামরিক পটভূমি থেকে উঠে আসা শাসকদের মধ্যে বিরল ব্যক্তিত্ব ছিলেন জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তবে বাকশালী ফ্যাসিস্ট কাঠামো বহাল রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার তাঁর প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি।

এতে আরও বলা হয়, জিয়াউর রহমান বাকশালী কাঠামোর মধ্যে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ওই কাঠামো সুযোগ পেয়ে আদালতের মাধ্যমে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয়।

বিএনপির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, দুঃখজনক হলেও জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ইতিহাস থেকে যথাযথ রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক ও সাংবিধানিক শিক্ষা নেয়নি। দলটি জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে আবারও অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ করতে চাইছে। এনসিপির মতে, এতে ভবিষ্যতে যেকোনো সময় আদালত বা পরবর্তী সংসদে এসব পরিবর্তন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংবিধান সংশোধনের সীমিত পরিসরে আটকে রাখার চেষ্টা থেকে সরে আসতে হবে। জনগণের গণভোটের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

বিবৃতির শেষাংশে এনসিপি বলেছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় এসে জনগণের গণরায় অস্বীকার করলে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

একই রকম সংবাদ সমূহ

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবেবিস্তারিত পড়ুন

৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • তাহসিফ সাউরির মৃত্যু: গ্রেপ্তার দীপ তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে
  • এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব
  • এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী