শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের দরিদ্রতম রাজ্যে বিয়ের নামে অর্থ-ক্ষমতার ‘অশ্লীলতম প্রদর্শন’

ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে এক রাজনীতিকের মেয়ের বিয়েকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চলেছে নজিরবিহীন আয়োজন। চার লাখ অতিথির ভোজ, লাখ লাখ মিষ্টি, শত শত পাচক, ছয়টি হেলিপ্যাড, ১৫১টি গাড়ির বরযাত্রী আর ঘোড়দৌড়ের আসর ও সব মিলিয়ে বিয়েটি পরিণত হয়েছে বিশাল উৎসবে। কিন্তু এই বিপুল আয়োজনের আড়ালে উঠে এসেছে দারিদ্র্য, রাজনৈতিক প্রভাব ও অর্থের উৎস নিয়ে গুরুতর প্রশ্ন। কারণ, বিয়ের আয়োজক অনন্ত সিং এমন এক বিতর্কিত রাজনীতিক, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দাঙ্গাসহ দুই ডজনের বেশি ফৌজদারি মামলা বিচারাধীন।

বুধবার (২৫ নভেম্বর) বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে নাদাওয়ান গ্রামে অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। কয়েক দিন ধরে চলা এই আয়োজনে প্রায় পাঁচ লাখ মানুষের উপস্থিতির কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এতে যানজট তৈরি হয় কয়েক ঘণ্টা ধরে। কোথাও কোথাও দীর্ঘ সড়কজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিধানসভার স্পিকারসহ গুরুত্বপূর্ণ অতিথিদেরও দীর্ঘ সময় আটকে থাকতে হয়।

বিয়ের খাবারের আয়োজনও ছিল নজিরবিহীন। কয়েকশ পাচককে দিয়ে তৈরি করা হয় ১৫০টির বেশি পদের খাবার। প্রস্তুত রাখা হয় বিপুল পরিমাণ মিষ্টি। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গুলাব জামুনসহ নানা ধরনের মিষ্টি তৈরির জন্য দুধভর্তি ট্যাংকার আনা হয়েছিল। রান্নার জন্য তৈরি করা হয় শত শত চুলা। অতিথিদের আসা-যাওয়ার সুবিধায় গ্রামে ছয়টি হেলিপ্যাড নির্মাণ করা হয়। বিয়ের মণ্ডপ সাজাতে বিদেশ থেকে আনা ফুল ও নানা ধরনের গাছ ব্যবহার করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড়। এতে অংশ নিতে ৫২টি ঘোড়া আনা হয়েছিল। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি দামি গাড়ি; দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর জন্য মোটরসাইকেল ও স্কুটার। তবে দর্শকের উপচেপড়া ভিড়ের কারণে নির্ধারিত দিনে দৌড় স্থগিত করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্শকদের অনেকে ভালোভাবে দেখার জন্য বিদ্যুতের খুঁটিতেও উঠে পড়েছেন। মোদ্দা কথা ভারতের দরিদ্রতম রাজ্যে একটি বিয়ের নামে অর্থ-ক্ষমতার ‘অশ্লীলতম প্রদর্শন’ করা হয়েছে, যা হয়ত যেকোনো বিতর্ককে পেছনে ফেলে দেবে।

কনের বাবা অনন্ত সিংয়ের প্রবেশও ছিল আলোচনার বিষয়। গাড়ির ছাদ দিয়ে উঠে সমবেত জনতার সামনে হাজির হন তিনি। কনে শিবাঙ্গী আসেন ল্যান্ড ক্রুজারে। আর বর হৃষিকেশ কুমার আসেন ১৫১টি গাড়ির বহর নিয়ে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করা হৃষিকেশকে কনের পরিবার প্রায় ২ কোটি ৩০ লাখ রুপি মূল্যের গাড়ি, সোনা ও রুপা উপহার দিয়েছে। উপহারের গাড়িটির দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। বিয়ের মোট ব্যয় কত, তা অবশ্য প্রকাশ করেননি অনন্ত।

তবে এই আয়োজনের সবচেয়ে বড় প্রশ্ন অর্থের উৎস নিয়ে। বিহারে প্রতি তিনজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করেন। রাজ্যটির মাথাপিছু আয়ও ভারতের গড়ের তুলনায় অনেক কম। এমন বাস্তবতায় একজন বিধায়কের মেয়ের বিয়েতে বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী নেতা নীরজ কুমার তদন্তকারী সংস্থাগুলোর মাধ্যমে বিয়ের অর্থের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

অনন্ত সিং বিহারের রাজনীতিতে ‘ছোটে সরকার’ নামে পরিচিত। স্থানীয়ভাবে তিনি ‘বাহুবলী’ নেতা হিসেবেও পরিচিত। মোকামা আসন থেকে ২০০৫, ২০১০, ২০১৫, ২০২০ ও ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, স্ত্রীসহ তার ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি। একই হলফনামায় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি ফৌজদারি মামলার তথ্য রয়েছে। এসব মামলার কয়েকটিতে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও দাঙ্গার অভিযোগ আছে।

২০১৯ সালে তার বাড়ি থেকে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মামলায় ২০২২ সালে ১০ বছরের কারাদণ্ড হয়েছিল অনন্তর। এর ফলে বিধায়ক পদ হারালেও জামিনে মুক্ত থেকে আপিল করেন। পরে ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে আবার বিধানসভায় ফেরেন। গত নির্বাচনের সময় এক জন সুরাজ সমর্থককে হত্যার মামলাতেও তার নাম এসেছে। ওই মামলায় ভারতের সুপ্রিম কোর্ট তাকে ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অনন্ত বলেছেন, আদালতের নির্দেশ মেনে চলবেন।

বিবিসি, দ্য ডেলি মেইলসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও এই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মতো দরিদ্র রাজ্যে এমন অপব্যয়ী আয়োজন বিস্ময় তৈরি করেছে। রাজনৈতিক প্রতিপত্তি ও বিপুল সম্পদের এই প্রদর্শনীকে অনেকে রাজকীয় বিয়ে বললেও সমালোচকদের প্রশ্ন, যে রাজ্যের বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়ছেন, সেখানে একজন রাজনীতিকের এমন ব্যয়বহুল আয়োজনের অর্থ কোথা থেকে এলো? কী করে একজন এত খরচ করতে পারেন তা তদন্তের দাবি জানিয়েছেন অনন্ত সিংয়ের বিরোধীরা।

সূত্র : বিবিসি ও ডেইলি মেইল

একই রকম সংবাদ সমূহ

স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয় : হাসিনার ফেরা প্রসঙ্গে জয়সওয়াল

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ারবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক
  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক
  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত