সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক


সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এ অর্থ নিতে চায় ব্যাংকটি। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি।
এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংকটির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এবং খেলাপি ঋণের বোঝায় আর্থিক সংকট গভীর হওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের কাছে পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে তিন ভাগে মোট ১৩টি প্রস্তাব পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শীর্ষক নথিতে বলা হয়েছে, ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং রাজস্ব খাত থেকে সরকারের সহায়তা প্রয়োজন। এ জন্য পাঁচ বছরে সরকারের কাছ থেকে ৭৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির প্রস্তাবে এস আলম গ্রুপসহ দুর্দশাগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ে নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি সম্পদ জব্দ, ফ্রিজ করা শেয়ারের মালিকানা পাওয়া এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ চেয়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে ২৪টি প্রতিষ্ঠানের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্ট আদালতের এক আদেশে তিন মাসের জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করা হয়।
এদিকে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এর মধ্যে পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ১১ হাজার ২৬৪ কোটি টাকা, জনতা ব্যাংকে ১ হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা পাওনা রয়েছে। এসব অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক।
পুনরুদ্ধার পরিকল্পনায় সিআরআর ও এসএলআর সংরক্ষণে ব্যর্থতার কারণে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে।
মূলধন ঘাটতি পূরণে সরকারকে কৌশলগত অংশীদার করার প্রস্তাব দিয়েছে পরিচালনা পর্ষদ। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা রয়েছে। এতে সরকারের বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬ হাজার কোটি টাকা এবং ব্যাংকটিতে সরকারের মালিকানা হবে ৭৮ দশমিক ৮৪ শতাংশ। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। নতুন শেয়ার ইস্যু হলে তা বেড়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় উন্নীত হবে।
এদিকে, ব্যাংকটির আর্থিক পরিস্থিতিও বেশ নাজুক। গত জুন শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি হয়েছে ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি নিট লোকসান করেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংকটি বর্তমানে সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে। তবে সরকারের কাছে চাওয়া বিপুল অঙ্কের অর্থসহ পুনরুদ্ধার পরিকল্পনার প্রস্তাবগুলো বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও সরকারের সিদ্ধান্তই এখন গুরুত্বপূর্ণ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর, গ্রিডে সরবরাহ বন্ধ
দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টাবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা
তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের জন্য মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজারবিস্তারিত পড়ুন

মাঠেই নতুন আলুর কেজি ৬০ টাকা, খুশি কৃষকরা
নীলফামারীতে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে। ভালো ফলনের পাশাপাশি শুরুতেই আশানুরূপবিস্তারিত পড়ুন


