তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ


তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালায় কলেজছাত্রী মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বাবা মো. লিটন শেখ। একই সঙ্গে মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার ধুলান্ডা গ্রামের বাসিন্দা ও ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী মো. লিটন শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর মেয়ে নীলা আক্তার তালা উপজেলার মাগুরা আইডিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। গত ২ অক্টোবর প্রতিবেশী আমজাদ শেখ, রকি শেখ, ইমরান শেখ, আকবর শেখ ও আব্দুল শেখসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধের ঘটনা ঘটে। এ সময় তাঁকে, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা রেকর্ড করা হয়নি বলে দাবি করেন লিটন।
তিনি আরও জানান, ঘটনার তিন দিন পর ৫ অক্টোবর বিকেলে তাঁর স্ত্রী বাড়িতে ফিরে ঘরের মধ্যে মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
লিটন শেখের অভিযোগ, মেয়েকে জীবিত থাকাকালে অভিযুক্তরা বিভিন্ন সময় অশালীন কথাবার্তা, কুপ্রস্তাব ও কুরুচিপূর্ণ মন্তব্য করে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হতো। মেয়ের মৃত্যুর সঙ্গে পূর্বের নির্যাতন ও হুমকির ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আসার পর গত প্রায় এক সপ্তাহ ধরে তাঁদের বাড়ির পাশ দিয়ে ঘেরে যাওয়ার সময় হাতে দা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তিনি, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ছাড়া মেয়ের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, মৃত্যুর আগে মেয়েকে মারধর করা হয়েছিল এবং শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা। ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়গুলো যথাযথভাবে উঠে এসেছে কি না, তা পর্যালোচনার দাবি জানান তিনি। পাশাপাশি অভিযুক্তদের মধ্যে ইমরান শেখ, সোয়েব মালি ও রকি শেখ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিটন শেখ মেয়ের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্ত প্রতিবেদন পুনরায় পর্যালোচনা, হুমকির অভিযোগ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিদেশযাত্রার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, আমি আমার মেয়েকে আর ফিরে পাব না। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার আমার রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হবে। পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগটিও তদন্ত করে দেখা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগবিস্তারিত পড়ুন

তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাবিস্তারিত পড়ুন


