যবিপ্রবিতে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিচ


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হাতের চাপেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। এতে দায়িত্বে থাকা প্রকৌশলীদের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত প্রায় ১০০ মিটার লম্বা রাস্তা তৈরীর কাজ চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয়। কিন্তু রাস্তার কাজ শেষ হতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের সমালোচনা মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনার একটি ব্যানার রাস্তায় টানিয়ে দেয়। ব্যানার অনুযায়ী রাস্তার কাজ ফেব্রুয়ারী মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও তা মার্চ মাসেও শেষ হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাস্তার কাজে বিলম্ব হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার জন্য যবিপ্রবি রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদ ইমাম কে ঈদুল ফিতরের পূর্বে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথাও উল্লেখ করা হয় চিঠিতে। এছাড়া রাস্তার কাজ তত্ত্বাবধান করার দায়িত্ব প্রদান করা হয় উপ-প্রধান প্রকৌশলী মোঃ নাজমুস সাকিবকে।
শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচ দেওয়ার এগারো দিন পরেও রাস্তার বিভিন্ন জায়গায় হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। পিচ ঢালা রাস্তার স্থানে স্থানে ফুলে ফাঁপা হয়ে উঠেছে।
এ বিষয়ে জিইবিটি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম বলেন, মেইনগেইট হতে মসজিদের সামনে পর্যন্ত রাস্তার কাজ দীর্ঘমেয়াদে সম্পন্ন করা হলেও রাস্তার কাজ যথাযথ ভাবে করেনি বলে আমি মনে করি। একটি রাস্তা সম্পন্ন করতে যেসব উপকরণ ব্যবহার করা হয় সেসব না করেই তড়িঘড়ি করে লোক দেখানো দায়সারা কাজ করেছে। রাস্তায় নিম্নমানের বিটুমিন ব্যবহার করাতে এখনো রাস্তা ঠিক মতো জমেনি। ফলে হাত দিয়েই উঠানো যাচ্ছে রাস্তার বিভিন্ন অংশ। দুর্নীতি, অন্যায় অনিয়ম ছাড়া এমন মানহীন রাস্তা তৈরি করা সম্ভব নয়। ইঞ্জিনিয়ার দপ্তরের অবহেলা, টাকা নিজ পকেটে ভরে তারা কাজের কোন জবাবদিহি না করেই লাপাত্তা হয়েছেন। এই রাস্তার কাজের মান,খরচ এবং বাজেটের পুঙ্খানুপুঙ্খ হিসাব তাদের কে শিক্ষার্থীদের সামনে পেশ করতে হবে।
রাস্তায় অনিয়মের বিষয়টি অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী তৌহিদ ইমাম বলেন, আমাদের ক্যাম্পাসে যেসব বিআরটিসি বাস চলে, সেগুলোর ট্যাংকে লিকেজ থাকার কারণে বাস থেকে ডিজেল চুইয়ে পড়ে যার কারণে রাস্তা ফুলে ফুপে উঠতে দেখা যায়। আমরা পরিবহন দপ্তরকে তাদের বাসগুলো অন্যত্র সরানোর জন্য বলেছি। রাস্তার কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে না পারায় আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তলব করলে তারা বলেন, তাদের আরো সময় লাগবে। কারণ হিসেবে তারা জ্বালানি সংকটসহ দেশের বর্তমান পরিস্থিতিকে দায়ী করেন।
এ বিষয়ে উপ-প্রধান প্রকৌশলী মোঃ নাজমুস সাকিব বলেন, নবনির্মিত রাস্তা মজবুত হতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। মজবুত না থাকার কারণে মূলত পিচ উঠে যাচ্ছে। এছাড়াও রাস্তার কাজ পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি।
প্রধান প্রকৌশলী ড. মোঃ মোখলেসুর রহমান বলেন, আমাদের প্রত্যেক প্রকৌশলী যেন কাজের সময় স্পটে উপস্থিত থাকে এটা নিশ্চিত করেছি।সকাল থেকে রাত পর্যন্ত আমি নিজে উপস্থিত থেকে কাজের মান নিশ্চিত করেছি।এখন রাস্তার পিচ কেন উঠে যাচ্ছে তার পেছনের কেমিস্ট্রি আমার জানা নেই। পুরুত্বের মান, রোলার চালানো, প্রয়োজনীয় তাপমাত্রা নিশ্চিত করতে আমি সর্বদা উপস্থিত ছিলাম। রাস্তার কাজ শেষ হলে আমরা অভিজ্ঞদের দ্বারা রাস্তার মান আরো ভালোভাবে পরিক্ষা করবো।
এদিকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়া প্রসঙ্গে যবিপ্রবি রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন বলেন, আমরা দ্রুতই এ বিষয়ে প্রকৌশলীদের জিজ্ঞাসাবাদ করবো। যদি সঠিক জবাব না পাই, আমরা দায়িত্বরতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন


