মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী


বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মানিত করে রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছিলেন যোদ্ধারা। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব সবার পক্ষে অর্জন সম্ভব হয় না।’
‘বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এমসয় উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ‘বীরোচিত অভিনন্দন’ জানান তিনি। বলেন, আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন; অর্থাৎ আপনারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদের সবাইকে জানাই বীরোচিত অভিনন্দন।
তারেক রহমান বলেন, লাখো লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং অনেক আহত মানুষের আর্তনাদ বা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আহত সকল মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সহানুভূতি ও সমবেদনা। আল্লাহর দরবারে সকল শহীদদের মাগফিরাত কামনা করি।
প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ সম্মাননা পেলেন, আমি মনে করি এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের একটি দায়িত্ব পূরণ। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করছে। আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত, কারণ আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়।
বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা একটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
সরকারপ্রধান বলেন, সময়ের নিয়মে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বয়সের ভারে ক্লান্ত, কিন্তু জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তীদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,বিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন


