নড়াইলে আসলে কী হয়েছে


নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর নামক একটি গ্রামের রাজনৈতিক সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য-অপতথ্য ঘুরছে। কেউ বলছেন, বিএনপির দুই নেতার হত্যার জেরে গ্রামটিতে বসবাস করা আওয়ামী লীগ নেতা এবং তাদের স্বজনদের কয়েকটি ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে। কেউ দাবি করছেন সেটা মিথ্যা।
তবে ওই গ্রামে কোন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা করার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
কালিয়ার বিএনপি নেতাদের দাবি, বড়জোর সাত থেকে আটটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বাড়িগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের।
ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষের বসবাস নেই বলেও জানিয়েছেন তারা।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমও বলেছেন, ‘হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, সেটি সঠিক নয়। আমি ইতিমধ্যে গ্রামটি পরিদর্শন করেছি। হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে।’
নাম প্রকাশ না করার শর্তে কালিয়া উপজেলার এক বিএনপি নেতা (সংখ্যালঘু সম্প্রদায়ের) বলেন, ‘আমি যাদের নাম বলছি, এর বেশি একটা ঘরও পাবেন না। এরা সবাই আওয়ামী লীগ করে। কোন হিন্দু সম্প্রদায়ের নয়।’
গ্রামটি অনেক বড়। প্রায় ২২০০ ভোটার। দুটি পাড়ায় বিভক্ত। পশ্চিম পাড়াকে বলা হয় আওয়ামী লীগের পাড়া। আর পূর্বপাড়াকে বলা হয় বিএনপি পাড়া। শুক্রবার রাতে মূলত পশ্চিম পাড়ায় আগুন দেওয়া হয়।
ঘটনার শুরু যেভাবে
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ অতর্কিত হামলা চালায়। এতে কৃষকদল ও জাসাসের দুই নেতাসহ ১০-১৫ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই নেতা মারা যান।
নিহতরা হলেন- কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪০) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। স্থানীয়ভাবে তারা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা নামেও পরিচিত।
জোড়া হত্যাকাণ্ডের এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, বিক্ষুব্ধ লোকজন এসব হামলায় অংশ নেন। এতে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়।
নিহত ওই দুই নেতার কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ শেষে এলাকা ত্যাগ করার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই সাবেক সংসদ সদস্যের বাড়িসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।
এদিকে, কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির।
হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা নয়: পুলিশের বিবৃতি
শনিবার নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হিন্দু সম্প্রদায়ের কারও ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। আগে ধারণ করা ও এআই দিয়ে তৈরি ভিডিওচিত্র ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালিয়ে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ভিকটিমের আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন


