১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল


এক ধাক্কায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় দেশের বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। এই ঘাটতিকে পুঁজি করে খুচরা বিক্রেতারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া নির্ধারিত দরের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছেন। ফলে বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম খুচরা বাজারে ২ হাজার টাকা ছাড়িয়ে ২,১০০ টাকায় গিয়ে ঠেকেছে।
বিইআরসির হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হলেও সেপ্টেম্বর মাসে তা একলাফে কমে প্রায় ১ লাখ ২০ হাজার টনে নেমে এসেছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ৪০ হাজার টন গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। অথচ চলতি সেপ্টেম্বরের শুরুতেই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দর ১৩ টাকা কমিয়ে ১,৫৮৫ টাকা ধার্য করেছিল। বাস্তবে যার কোনো সুফলই পাননি সাধারণ ভোক্তারা।
ব্যবসায়ী ও সরবরাহকারীরা জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাতের কারণে লোহিত সাগর ও হরমুজ প্রণালির মতো প্রধান আন্তর্জাতিক নৌপথগুলোতে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তীব্র জাহাজসংকট ও পরিবহন ভাড়া বিপুল পরিমাণে বেড়ে গেছে। বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্য থেকেই সিংহভাগ এলপিজি এনে থাকে। ফলে বিকল্প দীর্ঘ পথে জাহাজ চলাচলের কারণে পণ্য পৌঁছাতে বাড়তি সময় ও অস্বাভাবিক অর্থ ব্যয় হচ্ছে। বিশ্ববাজারের অনেক সরবরাহকারী চুক্তি থাকা সত্ত্বেও ২০ শতাংশ পর্যন্ত সরবরাহ কাটছাঁট করতে বাধ্য হয়েছে।
আমদানিকারকদের সংগঠন লোয়াবের প্রতিনিধিরা জানিয়েছেন, বিশ্ববাজারে প্রতি টন কার্গো প্রিমিয়াম বিইআরসির নির্ধারিত ১৬০ ডলার থেকে বেড়ে বর্তমানে ২৬০ থেকে ৪০০ ডলারে পৌঁছেছে। কিন্তু এই অতিরিক্ত পরিবহন খরচ বিইআরসির মাসিক মূল্যসূত্রে সমন্বয় না হওয়ায় লোকসান এড়াতে অনেক প্রতিষ্ঠানই আমদানি সীমিত রেখেছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বৈশ্বিক নৌপথ ও জাহাজসংকট না কাটলে আগামী অক্টোবর মাসেও এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন


