হাসিনাকে নিয়ে ভারত আনুষ্ঠানিক জবাব ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ


আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার তাঁর এই আবেদন নাকচ করে জানিয়েছে, দেশে প্রবেশ করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আবেদন বাতিল হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নতুন করে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়েছে। চলতি মাসে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নড়াইলে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করা হয়েছিল। ঢাকা সেই আবেদন বাতিল করলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে কেবল ঢাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ২০২৬ সালের নতুন বেতন স্কেলে সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের বেতন প্রায় ১৩৮ শতাংশ বাড়ানো হয়েছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং মাসের শুরুতে পোশাক শ্রমিকেরা আন্দোলন করেন। তবে শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে হওয়া আন্দোলনটি শ্রমিকদের আন্দোলন থেকে আলাদা।
জাতিসংঘের হিসাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ মারা যান। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার তাঁকে সাধারণভাবে ফিরতে দিতে চায় না; বরং আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়।
২০২৪ সাল থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ১৯ নভেম্বর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু এবং প্রভুদের খুশি করতেই তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
বাংলাদেশ সরকার বারবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত আনুষ্ঠানিক জবাব দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চলতি মাসের শুরুতে বলেন, ফেরত দেওয়ার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ীই এর সমাধান হবে। তবে বিদেশে ভ্রমণের জন্য বৈধ পাসপোর্ট বা নথিপত্র প্রয়োজন, যা দেওয়ার সিদ্ধান্ত নেবে ঢাকা। গত ২০ নভেম্বর তারেক রহমানের মন্তব্যের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত মন্তব্য করবে না, তবে নিজের স্বার্থ রক্ষা করে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।
এর আগে ২০২৫ সালে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে জানিয়েছিলেন, বাংলাদেশের চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, কেবল মানবিক কারণে শেখ হাসিনাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে সাবেক কূটনীতিক বীণা সিক্রির মতে, সংবাদমাধ্যমে দোষারোপ না করে দুই দেশের নেতাদের সরাসরি আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ক্ষমতার ৮ মাসে শিক্ষায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
ক্ষমতায় আসার পর গত আট মাসে সরকারের নেওয়া ও বিবেচনাধীন বিভিন্ন সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে হঠাৎ বদলি
বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকেবিস্তারিত পড়ুন

করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়বিস্তারিত পড়ুন


