বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগে কেনা জমিতেও মুসলিমরা বাড়ি বা দোকান নির্মাণ করতে পারবেন না।

এমন ঘোষণা দিয়ে জাতীয় সড়কের পাশে চারটি বোর্ড টাঙানোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলায় বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরে বোর্ডগুলো খুলে নেওয়া হয়েছে।

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও মঙ্গলকোটের সীমান্তবর্তী গোবিন্দপুর ও রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কের পাশে কেশবপুর বাসস্ট্যান্ড থেকে শিববাটি গ্রামের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় বোর্ডগুলো টাঙানো হয়েছিল।

বোর্ডে লেখা ছিল, হিন্দুদের জমি ও জায়গা কোনো মুসলিমের কাছে বিক্রি করা যাবে না। আগে কেনা জমিতেও মুসলিমরা বাড়ি ও দোকান নির্মাণ করতে পারবেন না। বোর্ডের নিচে ‘হিন্দু ঐক্য জিন্দাবাদ’ স্লোগান লেখা ছিল। পাশাপাশি স্বাক্ষর হিসেবে উল্লেখ করা হয়েছিল গোবিন্দপুর ও রঘুনাথপুর গ্রামবাসীর নাম।

স্থানীয়দের একাংশের দাবি, গত ১০ বছর ধরে বাইরের এলাকা থেকে আসা মুসলিম ব্যবসায়ীরা ওই অঞ্চলে জমি কিনছেন। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জমি কেনাবেচা ঠেকাতেই গত ১৪ নভেম্বর চার জায়গায় বোর্ডগুলো টাঙানো হয় বলে তাদের দাবি।

এ ঘটনা ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপির আউশগ্রাম ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায় বলেছেন, বোর্ড টাঙানো বিজেপির দলীয় সিদ্ধান্ত নয়। কয়েকজন বাসিন্দা আবেগের বশে এসব বোর্ড লাগিয়েছিলেন।

তার দাবি, বিত্তশালী সংখ্যালঘু ব্যবসায়ীরা দরিদ্র হিন্দুদের জমি কিনে নিচ্ছেন বলে স্থানীয়দের একাংশের মধ্যে আশঙ্কা রয়েছে। তবে তিনি নিজেই বোর্ড না লাগানোর পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন।

পুলিশ বিজেপি নেতাদের সঙ্গে কথা বলার পর বোর্ডগুলো খুলে নেওয়া হয়। বিজেপির মুখপাত্র শান্তিরূপ দে-ও এ ঘটনায় দলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন। তবে এ প্রসঙ্গে তিনি লাভ জিহাদ নিয়ে হিন্দুদের সচেতনতার বিষয়টি তুলে ধরেছেন।

অন্যদিকে, সিপিএম নেতা দীপঙ্কর দে বলেছেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে জমি কেনাবেচা নাগরিকের সাংবিধানিক অধিকার। তৃণমূল নেত্রী মল্লিকা চোংদার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত আগস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্মান্তরণবিরোধী আইনের পাশাপাশি জমি কেনাবেচার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর আগে সেপ্টেম্বরে হাওড়াতেও ভিন্ন ধর্মের মানুষের কাছে সম্পত্তি বিক্রি না করার আবেদন জানিয়ে পোস্টার লাগানো হয়েছিল।

এবার জাতীয় সড়কের পাশে জমি কেনাবেচা নিয়ে এ ধরনের বোর্ড টাঙানোর ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সম্পত্তি কেনাবেচার অধিকার নিয়ন্ত্রণের চেষ্টা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের আশঙ্কা আরও বাড়াচ্ছে বলে মনে করছেন বিরোধীরা।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজপথে সহিংসতা,বিস্তারিত পড়ুন

পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনেরবিস্তারিত পড়ুন

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ