শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পলাশ। একই সঙ্গে স্পাইন সার্জনদের জন্য পৃথক পদ সৃষ্টি ও তাদের উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন ডে উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে আয়োজিত র‍্যালি শেষে বক্তব্যে এসব কথা বলেন ডা. মাহমুদুল হাসান। এবারের প্রতিপাদ্য ছিল ‘স্পাইন হেলথ ফর লাইফ’ অর্থাৎ আজীবন মেরুদণ্ডের সুস্বাস্থ্য।

ডা. মাহমুদুল হাসান বলেন, মেরুদণ্ড সুস্থ না থাকলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। হাঁটা, দৌড়ানো, হাত দিয়ে কাজ করা কিংবা দৈনন্দিন নানা কাজের সক্ষমতা মেরুদণ্ডের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই মেরুদণ্ড সুস্থ রাখতে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।

মেরুদণ্ডের সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবার খাওয়া, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড এড়িয়ে চলা, নিয়মিত হাঁটাচলা করা এবং সময়মতো ঘুমানোর পরামর্শ দেন তিনি। তাঁর মতে, স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ড কমিয়ে অতিরিক্ত যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীল হওয়াও নিরুৎসাহিত করা উচিত।

মেরুদণ্ডের ব্যথাকে অবহেলা না করার আহ্বান জানিয়ে এই চিকিৎসক বলেন, অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে খান। এতে কিডনি ও যকৃতের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। মেরুদণ্ডের ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে ডিস্কের সমস্যা ছাড়াও যক্ষ্মা, ক্যানসার, হাড়ের ক্ষয়, কাইফোসিস, স্কলিওসিস ও অস্টিওপোরোটিক ফ্র্যাকচার উল্লেখযোগ্য। তাই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

সরকারি পর্যায়ে উন্নত স্পাইন চিকিৎসার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. মাহমুদুল হাসান বলেন, বেসরকারি পর্যায়ে চিকিৎসার ব্যয় অনেকের সামর্থ্যের বাইরে। তাই সাধারণ ও দরিদ্র মানুষের জন্য সরকারি হাসপাতালে এ সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে পৃথক স্পাইন ইউনিট, সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্য পদ সৃষ্টি এবং মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মেরুদণ্ডের চিকিৎসার জন্য অনেক রোগী বিদেশে যাচ্ছেন। দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশমুখিতা কমানোর পাশাপাশি দেশের অর্থও সাশ্রয় হবে। এ ক্ষেত্রে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. মাহমুদুল হাসান জানান, খুলনা মেডিকেল কলেজে সরকারি ব্যবস্থাপনায় স্পাইন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতেও এ ধরনের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব স্পাইন ডে উপলক্ষে আয়োজিত র‍্যালিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে ওঠছেবিস্তারিত পড়ুন

  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
  • স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
  • স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী