ক্ষমতার ৮ মাসে শিক্ষায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন


ক্ষমতায় আসার পর গত আট মাসে সরকারের নেওয়া ও বিবেচনাধীন বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। চাকরিপ্রার্থী, শিক্ষক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতা ও শর্ত নিয়ে বিতর্ক, আবার কখনো চাকরির পরীক্ষায় মৌখিক নম্বর বাড়ানোর উদ্যোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে পিএসসি সংস্কারের দাবি এবং ভেরিফিকেশনে প্রার্থী বাদ পড়ার ঘটনা। এসব সিদ্ধান্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ম্যানেজিং কমিটিতে শর্ত শিথিলের সুযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠনে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভাপতির ন্যূনতম স্নাতক ডিগ্রির শর্ত থাকলেও বিশেষ অবদান বা শিক্ষার প্রসারে ভূমিকার ক্ষেত্রে তা শিথিলের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের যুক্ত করার সুযোগ রয়েছে। স্পষ্ট মানদণ্ড না থাকায় এতে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাবানদের প্রবেশের শঙ্কা করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও মাধ্যমিক শিক্ষা-সংক্রান্ত পরামর্শক কমিটির সভাপতি মনজুর আহমেদ বলেন, সভাপতির স্নাতক ডিগ্রির শর্ত ইতিবাচক। তবে শর্ত শিথিলের সুযোগ ও শিক্ষানুরাগী ব্যক্তির সংজ্ঞা স্পষ্ট না হলে এর অপব্যবহার হতে পারে। শুধু পরিচিত বা প্রভাবশালী হলেই কেউ প্রতিষ্ঠান চালানোর উপযুক্ত হন না। কমিটির উচিত নীতিমালা ও তদারকিতে থাকা, দৈনন্দিন প্রশাসনে অতিরিক্ত হস্তক্ষেপ নয়।
সরকারি চাকরির নিয়োগে পিএসসির সংস্কার ও নিরপেক্ষতা নিয়েও দাবি জোরালো হয়েছে। রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের অভিযোগে বিভিন্ন সময় আন্দোলন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। ১৭ এপ্রিল পিএসসি সংস্কার জোট একাধিক ক্যাডারে একই প্রার্থীর সুপারিশ বন্ধ ও নন-ক্যাডার নিয়োগের বিধিমালা পরিবর্তনের দাবি জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান বলেন, পিএসসিতে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া জরুরি। আস্থা কমলে পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, সরকার বদলের সঙ্গে দলীয় বিবেচনায় নিয়োগের প্রবণতা বন্ধ করতে হবে। শীর্ষ পর্যায়েও সংস্কার ও নিরপেক্ষতা জরুরি।
মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবও বিতর্ক তৈরি করেছে। গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভায় শিক্ষক নিবন্ধনের ভাইভায় ১০ নম্বর বাড়িয়ে ৩০ করার সুপারিশ করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর খসড়া তৈরি করেছে। এতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে পাস নম্বরও কমানোর কথা বলা হয়েছে।
প্রযুক্তির অপব্যবহার ও জালিয়াতি ঠেকাতে এ উদ্যোগের কথা বললেও সমালোচনা হয়েছে। বিরোধীদল একে দলীয়করণের ইঙ্গিত বলেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ হয়েছে। অধ্যাপক মো. ফজলুর রহমান ও অধ্যাপক ড. সাদিক হাসান মনে করেন, ভাইভায় নম্বর বাড়লে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও পক্ষপাতের ঝুঁকি বাড়ে।
নিয়োগের শেষ ধাপে পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার ঘটনাও ভোগান্তি বাড়িয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ১৩ হাজার ৭৪৮ জন নিয়োগপত্র পেলেও ৮৩ জন পাননি। আন্দোলনের পর দফায় দফায় নিয়োগপত্র দেওয়া হলেও এই ৮৩ জনের অনিশ্চয়তা কাটেনি। এ নিয়োগে প্রথমবারের মতো এনএসআই তদন্ত যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার ওপর জোর দিয়েছেন। অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, শিক্ষায় বারবার নীতি বদলালে ধারাবাহিকতা থাকে না। ২০১০ সালের শিক্ষানীতি হালনাগাদ এবং নিয়মিত পাঠ্যক্রম পর্যালোচনা জরুরি। পাশাপাশি শিক্ষা খাতে জিডিপির ৩ থেকে ৪ শতাংশ বরাদ্দ ও শিক্ষকদের মানোন্নয়নের তাগিদ দেন তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে নিয়ে ভারত আনুষ্ঠানিক জবাব ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেনবিস্তারিত পড়ুন

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে হঠাৎ বদলি
বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকেবিস্তারিত পড়ুন

করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়বিস্তারিত পড়ুন


