সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন


সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কবির সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহিদ নাজমুল সরণিতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরা নাট্যদল (সানাদ) ও স্বরবৃত্ত একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পল্টু বাশার।
অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহি, কবি সৈয়দ ইফতেখার আলী ও কবি নাজমুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আমিরুল বাশার ও কবি শুভ্র আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য স্বল্পায়ু হলেও বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করা এই কবি অল্প সময়ের সাহিত্যজীবনেই মানুষের দুঃখ-কষ্ট, শোষণ-বঞ্চনা, সংগ্রাম ও স্বপ্নকে তাঁর কবিতায় তুলে ধরেছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের কবি। তাঁর সাহিত্যকর্মে সমাজতান্ত্রিক চিন্তাধারা, মানবমুক্তির আকাঙ্ক্ষা এবং সমকালীন রাজনৈতিক-সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।
বক্তারা আরও বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা ও রাজনীতি যেন পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তাঁর লেখায় শোষিত মানুষের অধিকার, সাম্য ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। শিশুদের নিয়েও তিনি লিখেছেন গান ও কবিতা। রুশ বিপ্লবসহ তৎকালীন বিশ্বের নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রভাবও তাঁর সাহিত্যচিন্তায় প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কবি গাজী শাহাজান সীরাজ, কবি শহিদুর রহমান, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক, কবি গুলশান আরা, রাবেয়া খাতুন রুপা, কবি মনিরুজ্জামান, মাহফুজা হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা।
অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু ও মনজুরুল হক সংগীত পরিবেশন করেন। পাশাপাশি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তির মাধ্যমে কবির সাহিত্য ও সংগ্রামী চেতনাকে স্মরণ করা হয়।
এসময় অতিথিরা ‘মিঠেকড়া’ নামে একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের উপস্থিতিতে ম্যানগ্রোভ সভাঘর প্রাণবন্ত হয়ে ওঠে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন


