সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকট: উপকূলে শিক্ষার্থীদের জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন


সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকটে হাজার হাজার পরিবার। উপার্জন না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবিক সংকটে বনে উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবারের জীবিকায় নেমে এসেছে অনিশ্চয়তা। বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে বনে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণে যেতে পারছেন না অনেক বনজীবী। এতে আয়-রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। সংসারের অভাবের পাশাপাশি হুমকির মুখে পড়েছে সন্তানদের পড়াশোনা। এমন পরিস্থিতিতে নিজেদের শিক্ষা ও পরিবারের জীবিকা রক্ষার দাবিতে এবার রাজপথে নেমেছে সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গাবুরা ইউনিয়নের সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে শুরু হয় ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে উপকূলীয় জনপদ। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে পরিবারগুলোর অসহায়ত্বের চিত্র।
নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজা খাতুন বলেন, বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের নির্মূলে দ্রুত সাঁড়াশি অভিযান চালাতে হবে।
শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবারের অভাব। পরীক্ষার ফি দেওয়া কিংবা নতুন বই কেনার সামর্থ্যও নেই। আমরা বাঁচতে চাই, পড়াশোনা চালিয়ে যেতে চাই।
শিক্ষার্থী হিরা মনি বলেন, দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, তাহলে এর দায়ভার কে নেবে?
উপকূলের অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানের পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় দ্রুত সরকারি সহায়তা ও ত্রাণের ব্যবস্থা করা প্রয়োজন।
অভিভাবক কামরুল ইসলাম বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হলে বনজীবী পরিবারগুলো অনাহার ও অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাবে।
কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাকিলা পারভীন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল, জিল্লুর রহমান ও হিরা মনি।
ইংরেজি সাহিত্যের সম্মান শ্রেণির শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।
অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম। শিক্ষকদের পক্ষে সংহতি প্রকাশ করেন মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম।
কর্মসূচি থেকে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ, বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের নিশ্চয়তা এবং সংকটে পড়া পরিবারগুলোর শিক্ষার্থীদের জন্য জরুরি আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বনে বর্তমানে বারোটি বনদস্য গ্রুপ তৎপরতা চালাচ্ছে। বনে গেলেই তাদের দিতে হয় নিয়মিত চাঁদা । একটি গ্রুপকে দিলে অন্য গ্রুপ কে না দিলে হতে হয় অপহরণ। পরে মুক্তিপণ দিয়ে ফিরে আসতে হয় জেলে বাওয়ালিদের। এমন অবস্থায় সুন্দরবনকে দস্যু মুক্ত করতে শ্যামনগরে গাবুরা, পদ্মপুকুর বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহ শ্যামনগরে দীর্ঘদিন চলে চলছে আন্দোলন সংগ্রাম মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি। এসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন বনজীবীরা পাশাপাশি তাদের পরিবারের নারীরা । আজ নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন বনজীবীদের বিদ্যালয়গামী সন্তানরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’বিস্তারিত পড়ুন

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শ্যামনগরে খালি থালা-কলস নিয়ে নারীদের ব্যতিক্রমি বিক্ষোভ
দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সুন্দরবন উপকূলের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ব্যতিক্রমী ও প্রতিবাদী কর্মসূচিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিতবিস্তারিত পড়ুন


