দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি


দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়া উচিত বলেও জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে এসব কথা জানায় টিআইবি।
এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুর, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবারও বিবৃতি দিয়েছিল সংস্থাটি।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ এরই মধ্যে নয়জনকে গ্রেপ্তার এবং লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধারের কথা জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সরকারের জন্য বিব্রতকর দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের নিজেদের মধ্যেও প্রতিযোগিতা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। দৈনিক, মাসিক ও এককালীন চাঁদাবাজির অভিযোগ চলমান থাকলেও তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও স্বাভাবিকতা পেয়েছে।
কিশোরগঞ্জের জলমহাল নিয়ে সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের প্রসঙ্গ টেনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; ২০২৪ সালের আগস্টের পর থেকে ঘটে চলা ঘটনাবলির ধারাবাহিকতা। তাঁর দাবি, এ ধরনের ঘটনা সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও সদিচ্ছাকে ম্লান করে জনগণের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও দখলবাজি ও চাঁদাবাজি প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে না পারলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে।
সংস্থাটি অবিলম্বে প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও ওইবিস্তারিত পড়ুন


