শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত মুক্তারপুর বাজার এক সময় ছিল এ অঞ্চলের মানুষের প্রাণকেন্দ্র। ষাটের দশক থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত জমজমাট ব্যবসা-বাণিজ্য, জনসমাগম এবং নদীপথের যোগাযোগ ব্যবস্থার কারণে বাজারটি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু কালের বিবর্তন, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এবং রাজনৈতিক নানা ইস্যুর কারণে আজ সেই ঐতিহ্যবাহী বাজারটি প্রায় হারিয়ে যাওয়ার পথে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কপোতাক্ষ নদ ছিল এ অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। নৌকা, লঞ্চ ও স্টিমারে মানুষ যাতায়াত করত বিভিন্ন স্থানে। সেই সুযোগকে কেন্দ্র করে নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে মুক্তারপুর বাজার। মুক্তারপুর, সাদিপুর, নিঃপুর, বল্লা, কানাইরালী, তাঁজপুর, গোয়ালবাড়ী, কায়েমকোলা, মহাদেবপুরসহ অন্তত ৮ থেকে ১০ গ্রামের মানুষের নিত্যদিনের কেনাবেচা ও সামাজিক যোগাযোগের কেন্দ্র ছিল এই বাজার।

বাজারের অন্যতম আকর্ষণ ছিল নদী পারাপার। প্রতিদিন শত শত মানুষ কপোতাক্ষ নদের এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করতেন। মৃত খোরসেদ আলীর নৌকা ছিল সে সময়ের অন্যতম নির্ভরযোগ্য পারাপারের মাধ্যম। নদীঘাট ঘিরে প্রতিদিন সৃষ্টি হতো কর্মচাঞ্চল্য ও মানুষের পদচারণা।

স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার বসত বৃহৎ গ্রামীণ হাট। হাটে পান-সুপারি, দেশি মাছ, শাকসবজি, মিষ্টান্নসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য পাওয়া যেত। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসতেন এ হাটে। বাজারের পাশেই অবস্থিত মুক্তারপুর-গোয়ালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, যার শিক্ষার্থী ও অভিভাবকদের আনাগোনাতেও বাজারটি ছিল সবসময় সরগরম।

বর্তমানে বাজারটির অবস্থা অত্যন্ত করুণ। একসময় যেখানে শতাধিক দোকান ছিল, সেখানে এখন টিকে আছে মাত্র ১০ থেকে ১২টি দোকান। বাজারের বিভিন্ন স্থানে জমেছে ময়লার স্তূপ। অবকাঠামোর অভাব, নদীর নাব্যতা সংকট এবং ব্যবসায়িক কার্যক্রম কমে যাওয়ায় বাজারটি ধীরে ধীরে তার ঐতিহ্য হারিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মালেক বলেন, “আমাদের ছোটবেলায় মুক্তারপুর বাজার ছিল এলাকার সবচেয়ে ব্যস্ত বাজারগুলোর একটি। হাটের দিনে মানুষের ভিড়ে হাঁটা দায় হয়ে যেত। এখন সেই বাজার প্রায় বিলুপ্তির পথে।”

প্রবীণ সমাজসেবক মো. নজরুল ইসলাম বলেন, “নদীপথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর বাজারের গুরুত্ব অনেকটাই কমে যায়। তারপর বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় বিরোধের কারণেও বাজারটি আর আগের অবস্থায় ফিরতে পারেনি।”

স্থানীয় ব্যবসায়ী মো. সাইদুর রহমান বলেন, “বাজারটি সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে আবারও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হতে পারে। প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।”

এলাকাবাসীর দাবি, ঐতিহ্যবাহী মুক্তারপুর বাজারকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক। অন্যথায় এক সময়ের প্রাণচঞ্চল এই জনপদ ও ইতিহাসের সাক্ষী বাজারটি কালের গর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা তাদের।

একই রকম সংবাদ সমূহ

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক