তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল


সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ২২ লাখ ৯২ হাজার ২০১ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ব্যবহারের কয়েক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল, ছাদের ওপর পানি জমে থাকা, দেয়ালের প্লাস্টার খসে পড়া, জানালার কাচ ভেঙে যাওয়া ও গ্রিল নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। এমনকি বৈদ্যুতিক সংযোগেও ত্রুটির অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজের তদন্ত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ।
সরেজমিনে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হয়। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনী এন্টারপ্রাইজ। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন তাঁরা।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নির্মাণকাজের বিভিন্ন ত্রুটি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আনারুল ইসলাম আনু এবং দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ভবনের ত্রুটি মেরামতের জন্য অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
বিদ্যালয়ের ছাদে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকছে। দেয়াল থেকে খসে পড়ছে প্লাস্টার। মেঝেতে হাঁটাচলা করলে ফাঁপা শব্দ হচ্ছে। জানালার কাচ ও গ্রিলেও দেখা দিয়েছে সমস্যা। এসব ত্রুটির কারণে ভবনের নির্মাণসামগ্রী ও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের কাজের ছাড়পত্র দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকদের নিয়ে সভা আহ্বান করেন। সভায় উপস্থিত ব্যক্তিরা নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম ও ত্রুটির বিষয় তুলে ধরেন। পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু বিষয়টি তদন্তের জন্য সুপারিশ করেছেন।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু বলেন, বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল মেহেদী বলেন, নির্মাণকাজের অনিয়মের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীকে বারবার জানানো হলেও তাঁরা গুরুত্ব দেননি। বরং বিভিন্ন সময়ে তাঁকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন বলেন, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁরা নতুন ভবনে উঠেছেন। কিন্তু এরই মধ্যে সামনের গেট ফেটে গেছে, ছাদ ও মেঝের অবস্থা ভালো নয়। বৈদ্যুতিক লাইনেও ত্রুটি রয়েছে। বৈদ্যুতিক সংযোগে হাত দিলে শক করার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভবনের কাজের মান নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের অভিভাবক জহুর আলী গাজী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনী এন্টারপ্রাইজের কর্ণধার শেখ আনারুল ইসলাম আনু বলেন, তিনি শিডিউল অনুযায়ী সঠিকভাবে কাজ করেছেন। একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
নির্মাণকাজের তদারকি কর্মকর্তা হিসেবে বিদ্যালয়ের ফলকে উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার মণ্ডলের নাম উল্লেখ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদারকি কর্মকর্তা হিসেবে ফলকে তাঁর নাম রয়েছে, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমেই জানতে পেরেছেন। এ বিষয়ে তাঁর আর কী বলার থাকতে পারে।
উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তিনি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়েছিলেন। পরে ত্রুটিগুলো ঠিক করে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগবিস্তারিত পড়ুন

তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণবিস্তারিত পড়ুন

তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালায় কলেজছাত্রী মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারেরবিস্তারিত পড়ুন


