শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনার হত্যায় শিলাস্তিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমান।

সোমবার (৩ জুন) রিমান্ড চলাকালীন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিলাস্তি বিচারককে জানিয়েছেন— ভারতের থানায় আখতারুজ্জামান শাহিনের স্ত্রী হিসাবে ফরম পুরণ করা হয়। পরে সেই ফরম দেখিয়ে সঞ্জীভা গার্ডেনসের ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়।

সঞ্জীভা গার্ডেনসের ওই ফ্ল্যাটটির মালিক সন্দীপ রায়। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তার কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহীন।

এই মামলায় শিলাস্তি রহমানসহ বাংলাদেশে গ্রেপ্তারকৃতদের প্রথম দফার রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও আটদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত অন্যরা হলেন— সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া।

গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার অভিযোগে ডরিন উল্লেখ করেছেন, ‘মানিক মিয়া এভিনিউয়ের বাসায় আমরা সপরিবারে বসবাস করি। ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা আনোয়ারুল আজীম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার উদ্দেশে যাত্রা করেন। ১১ মে বিকেল পৌনে ৫টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাই।’

‘১৩ মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি ক্ষুদে বার্তা আসে। এতে লেখা ছিল, ‘‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি রয়েছে। আমি অমিত সাহার কাজে নিউটাউন যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নাই। আমি পরে ফোন দেবো।’’ এছাড়া আরও কয়েকটি বার্তা আসে। ক্ষুদে বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে।’

অভিযোগে ডরিন আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি। কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও আমরা খোঁজাখুজি অব্যাহত রাখি। পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বাবাকে অপহরণ করেছে।’

আদালতে শিলাস্তির জবানবন্দি

গত ১২ মে ঝিনাইদহর কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরেরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এরপর ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।

খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয়া মুম্বাই থেকে ভাড়া করে আনা কসাই জিহাদকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

আর ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংঘটক চরমপন্থি নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। নেপালে গ্রেপ্তার হয়েছে সিয়াম হোসেন নামে আরেক অভিযুক্ত। সিয়ামও মরদেহ ফেলায় অংশ নিয়েছিল বলে সন্দেহ।

‘গার্লফ্রেন্ড’ শিলাস্তি ফেরার পর ঢাকা ছাড়েন শাহীন:

গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে শেষবার দেখা গিয়েছিল এমপি আনারকে। মনে করা হচ্ছে ওই দিনই তাকে নৃশংসভাবে হত্যা করে অভিযুক্তরা। এদের মধ্যে অন্যতম হলেন এমপি আনারের বাল্যবন্ধু শাহীন। ইতোমধ্যেই গা ঢাকা দিয়েছেন তিনি। নেপাল হয়ে দুবাই, তারপরে যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন এই শাহীন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে চলা ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষেবিস্তারিত পড়ুন

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকেবিস্তারিত পড়ুন

  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার