শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই পরিবার

গাজী হাবিব, সাতক্ষীরা: দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে অবশেষে নিজেদের অর্পিত সম্পত্তির জমি পুনরুদ্ধার করেছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডল। রবিবার (২১ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আদালতের রায় অনুযায়ী তারা জমির দখল বুঝে পান।

জানা যায়, উক্ত জমিটি তাদের পূর্বপুরুষ নরেন্দ্রনাথ মন্ডলের মালিকানাধীন গড়কুমারপুর মৌজার ১৯১ থেকে ১৯৫ নম্বর এসএ দাগভুক্ত সম্পত্তি। ভুলবশত একসময় সরকার ওই জমিগুলোকে ‘এনিমি প্রোপার্টি’ হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তীতে অর্পিত সম্পত্তি প্রকৃত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করে। ওই আইনের আলোকে রবি শংকর মন্ড ও অভিজিৎ মন্ডল ২০১২ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল, সাতক্ষীরা (যুগ্ম জেলা জজ আদালত)-এ মামলা দায়ের করেন। যার মামলা নং ৬১৭/১২। প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ২৯ নভেম্বর যুগ্ম জেলা জজ আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।

পরবর্তীতে সরকার পক্ষ ২০১৯ সালে অতিরিক্ত জেলা জজ, ২য় আদালত, সাতক্ষীরায় (আপিল মামলা নং ১৩/১৯) আপিল দায়ের করে। তবে দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ২২ মে আপিল আদালতও রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডলের পক্ষে রায় বহাল রাখেন। একই সঙ্গে ৯০ কর্মদিবসের মধ্যে রায় বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়।

এরপর ২০২২ সালের ২৫ জুলাই সরকারি ভিপি কৌশলী নাজমুন নাহার (ঝুমুর) স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসককে জানানো হয় যে, উক্ত রায় ও ডিক্রি বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। একই বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমি অবমুক্ত করে সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগরকে নামজারি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সংশোধিত খতিয়ান নম্বর ১৯৫৮ এবং খতিয়ান নম্বর ২৫-২২২২ অনুযায়ী মোট ৪.৭১ শতক জমি রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডলের নামে নামজারি করেন। এরপর থেকে তারা নিয়মিতভাবে সরকারের নিকট খাজনা প্রদান করে আসছিলেন।

২০২৩ সালের ২৩ মার্চ রবি শংকর মন্ডল জেলা প্রশাসক, সাতক্ষীরার কাছে রায় ডিক্রিকৃত জমির দখল বুঝে পাওয়ার জন্য আবেদন করেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারি আমিন দিয়ে জমি মাপজোক করিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির দখল তাদের কাছে হস্তান্তর করেন। এদিকে একই গ্রামের মো. ইসহাক আলী (পিতা-মৃত ইব্রাহিম মোড়ল) উক্ত জমিতে তার কোনো মালিকানা না থাকা সত্ত্বেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৮৪৬/২৩ নম্বর একটি মামলা দায়ের করেন। তবে ২০২৪ সালের ২২ জানুয়ারি আদালত মামলাটি ভিত্তিহীন উল্লেখ করে খারিজ করে দেন।

পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলামের কাছে বিচার দেন- রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডল। আদালতের রায়, ডিক্রি ও অন্যান্য বৈধ কাগজপত্র পর্যালোচনা করে চেয়ারম্যান আমজাদুল ইসলাম সিদ্ধান্ত দেন- জমিটির প্রকৃত মালিক রবি শংকর ও অভিজিৎ মন্ডল। অপরদিকে মানবিক বিবেচনায় চেয়ারম্যান ইসহাক আলী মোড়লকে দুই মাস সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি জজকোর্টের কোনো রায় বা বৈধ দলিল দেখাতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় রবি শংকর মন্ডল ও অভিজিৎ মন্ডলকে বিভিন্ন সময় হয়রানি ও বিশৃঙ্খলার মুখে পড়তে হয়েছে। তবে আদালতের চূড়ান্ত রায় ও সকল বৈধ কাগজপত্রের ভিত্তিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় অবশেষে গত ২১ ডিসেম্বর তারা শান্তিপূর্ণভাবে নিজেদের জমির দখল বুঝে পান।

এ বিষয়ে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, ইসহাক আলীর পক্ষে কথা বলার মতো ন্যূনতম কোনো কাগজপত্রও নেই।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকট: উপকূলে শিক্ষার্থীদের জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকটে হাজার হাজার পরিবার। উপার্জন না থাকায় পরিবার-পরিজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’বিস্তারিত পড়ুন

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শ্যামনগরে খালি থালা-কলস নিয়ে নারীদের ব্যতিক্রমি বিক্ষোভ

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সুন্দরবন উপকূলের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ব্যতিক্রমী ও প্রতিবাদী কর্মসূচিবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু
  • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
  • ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি
  • শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
  • সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা
  • বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
  • শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
  • শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
  • সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ