উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা


নিজিস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিমের প্রান্তিক জনপদ সাতক্ষীরা কেবল সুন্দরবনের সবুজ বেষ্টনী, চিংড়ি ঘের আর প্রকৃতির সাথে মানুষের নিরন্তর সংগ্রামের আখ্যান নয়; এই জনপদের মাটির গভীরে প্রোথিত আছে সহমর্মিতা ও পরোপকারের এক অলিখিত ঐতিহ্য। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর লবণাক্ততার বিরুদ্ধে লড়তে শেখা এই জনপদের মানুষেরা জানেন—বিপদে একে অপরের হাত ধরাই টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। সাতক্ষীরার দরগাহপুর গ্রামের সেই চিরচেনা মাটি থেকেই উঠে এসেছেন মোঃ আব্দুল কাদেরের ছেলে ২৮ বছর বয়সী এ কে এম শাকিল, যিনি সীমিত সামর্থ্যের মাঝেও মানবসেবাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
পথশিশুদের বন্ধু, সুবিধাবঞ্চিতদের শিক্ষক, নিয়মিত রক্তদাতা থেকে শুরু করে দুর্যোগে ত্রাণকর্মী—মানবিক কাজের এক উজ্জ্বল উদাহরণ শাকিল। তাঁর এই যাত্রার শুরুটা ছিল অনাড়ম্বর, অথচ ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন মুমূর্ষু এক বৃদ্ধাকে রক্ত দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তাঁর; সেদিন পরীক্ষার হলে পৌছাতে দেরি হয় তার। নিজের একটি বড় একাডেমিক সুযোগের চেয়ে অপরিচিত এক মানুষের প্রাণ বাঁচানোকেই তিনি বড় করে দেখেছিলেন। শাকিলের এই পরোপকারের বীজ বুনে দিয়েছিলেন তাঁর বাবা—যিনি সংসারের সীমাবদ্ধতার মাঝেও মানুষের বিপদে এগিয়ে যেতেন।
২০১৮ সালে সাতক্ষীরা থেকে ঢাকায় এসে মিরপুরের সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন শাকিল। কলেজের আশপাশের হাসপাতালগুলোতে রক্তের খোঁজে আসা অসহায় স্বজনদের দুর্ভোগ দেখে বাবার সহায়তায় কেনা স্বল্পমূল্যের একটি স্মার্টফোন দিয়ে অনলাইনে গড়ে তোলেন ‘বাঙলা কলেজ ব্লাড ব্যাংক’, যা পরবর্তীতে ‘৭ কলেজ ব্লাড অর্গানাইজেশন’-এ রূপ নেয়। রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে রক্তদাতা জোগাড় করার পাশাপাশি ২০২০ সাল থেকে ‘রুটি দিবস’-এর মতো উদ্যোগের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে সংগঠনটি।
করোনা মহামারির কঠিন সময়েও নিজ এলাকায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো, বিনামূল্যে অক্সিজেন সেবা নেটওয়ার্ক গড়ে তোলা এবং লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন শাকিল। ২০২৪ সালের আগস্টে ট্রাফিক ব্যবস্থাপনায় শূন্যতা তৈরি হলে ৭ থেকে ১৪ আগস্ট টানা আট দিন রাস্তায় দাঁড়িয়ে শৃঙ্খলা ফেরানোর কাজেও অংশ নেন তিনি। পাশাপাশি বন্যা ও কনকনে শীতে দুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটে গিয়েছেন বারবার।
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে শাকিলের কাজ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। ২০২০ সালে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকার ক্ষুধার্ত শিশুদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন, টিকে থাকার জন্য এদের ন্যূনতম অক্ষরজ্ঞান প্রয়োজন। সেই ভাবনা থেকেই ২০২৪ সাল থেকে ‘মজার ইশকুল’, ‘জুম বাংলাদেশ স্কুল’ ও ‘প্রত্যয় শিশু কেন্দ্র’-এর মাধ্যমে পথশিশুদের নিয়মিত পাঠদান শুরু করেন তিনি। বর্তমানে ঢাকার দুই শতাধিক ছিন্নমূল শিশুর কাছে তিনি প্রিয় ‘শাকিল স্যার’।
সরকারি বাঙলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে শাকিল বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পেশাগত ব্যস্ততা ও সীমিত আয়ের মাঝেও সংসার ও ব্যক্তিগত দায়িত্ব সামলে প্রতি মাসে নিজের বেতনের অন্তত ২০ শতাংশ অর্থ মানবিক কাজে ব্যয় করেন। মাঠপর্যায়ের উদ্যোগের পাশাপাশি ‘বাঁধন’, ‘জুম বাংলাদেশ’, ‘বেটার হোপ ফাউন্ডেশন’, ‘সেবার সূচনা’ ও ‘বন্ধুত্বের বাংলাদেশ’-এর মতো সংগঠনের সাথেও যুক্ত তিনি। মৃত্যুর পরও যেন অন্যের চোখে আলো ছড়াতে পারেন, সেজন্য ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি’তে মরণোত্তর চক্ষুদাতা হিসেবেও নিজের নাম নিবন্ধন করেছেন (কার্ড নম্বর: siebon-7374)। নিজের অনুভূতি জানিয়ে শাকিল বলেন, “ভালো কাজের পেছনে সময় দিতে পারছি, এটা মহান আল্লাহর নেয়ামত। সামর্থ্য ও সুস্থতা থাকা পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।”
আজকের আত্মকেন্দ্রিক সময়ে, যখন সাফল্যের মাপকাঠি কেবল ব্যক্তিগত অর্জন দিয়ে বিচার করা হয়, তখন এ কে এম শাকিলের জীবন আমাদের সামনে এক ভিন্ন দর্শন হাজির করে। সাতক্ষীরার প্রান্তিক জনপদ থেকে উঠে আসা এই তরুণ দেখিয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে বিত্তের চেয়ে চিত্তের বিশালতাই মুখ্য। এক জীবনে রক্তদান থেকে শুরু করে মৃত্যুর পরও চক্ষুদানের মাধ্যমে পৃথিবীর আলো দেখার যে অঙ্গীকার তিনি করেছেন, তা কেবল একজন ব্যক্তির গল্প নয়—বরং একটি প্রজন্মের জন্য নৈতিক জাগরণের ডাক। শাকিলের এই নিঃস্বার্থ পথচলা অব্যাহত থাকুক, আর তাঁর মতো আলোর ফেরিওয়ালাদের হাত ধরেই মানবিক হয়ে উঠুক সমাজ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
জনপ্রিয় ইসলামি আলোচক ও হাসনাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শায়খ মিজানুর রহমান আজহারীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন


