ঢাকা-১৫ আসন
সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল


রাজধানীর ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন এবং অবৈধ খাল দখলমুক্ত করাসহ বিভিন্ন জনসমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানের যৌথ প্রতিশ্রুতি দিয়েছেন।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার (১ জুলাই) সকাল থেকে ঢাকা-১৫ আসনের চারটি স্থান-পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী এবং ইব্রাহিমপুরের পৃথক মতবিনিময় সভা ও সরেজমিন পরিদর্শন করেন তারা। এ সময় তারা স্থানীয় খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস-পানির সমস্যা এবং ডেঙ্গু মশা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের অভিযোগ শোনেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।’
এলাকার তীব্র পানি ও গ্যাস সংকট এবং কিশোর গ্যাংয়ের মতো সমস্যাগুলো আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এমন একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তারা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। কারণ তিনি এ এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক।’
তিনি বলেন, ‘আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এলাকার সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবো এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলব।’
অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধীদলীয় নেতার এলাকা। এ এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি ও বিরোধী দল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে কাজ করে যাব।’
ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
সভায় বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী ও প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার অনুরোধ জানান।
এ পাম্পগুলো নির্মাণের জন্য বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক প্রত্যেকে তাদের নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এক বছরের মধ্যেই স্থানীয় সরকারের সব ভোট, অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।বিস্তারিত পড়ুন

জ্বালানিসংকট মোকাবিলায় আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান
জ্বালানিসংকট মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়নবিস্তারিত পড়ুন

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটেরবিস্তারিত পড়ুন


