শিশু মননে সত্যের আলো জ্বালাতে সাতক্ষীরায় সাংবাদিকতার মানবিক প্রশিক্ষণ


ভবিষ্যৎ সমাজ কেমন হবে, তার বীজ রোপিত হয় আজকের শিশুমনে। সত্য, ন্যায় আর মানবিকতার চর্চা যদি ছোটবেলা থেকেই শুরু হয়, তবে সেই সমাজ হয়ে ওঠে দৃঢ় ও আলোকিত। এমন বিশ্বাস থেকেই সাতক্ষীরায় শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা, যেখানে শেখানো হয়েছে দায়িত্বশীল সংবাদচর্চার মৌলিক পাঠ।
সাতক্ষীরার সাতটি উপজেলার ২০ জন শিশু সাংবাদিককে নিয়ে ‘হ্যালো’র উদ্যোগে এবং ইউনিসেফের সহায়তায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মধ্যে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সমাজ পরিবর্তনের সাহসী মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন করা হয়।
১৪ জানুয়ারি বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সত্য বলার সাহস শেখাতে পারলে তারাই আগামীর ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবে। এই প্রশিক্ষণ শিশুদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করবে।
কর্মশালার সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। স্বাগত বক্তব্য রাখেন হ্যালো’র তত্ত্বাবধায়ক ও সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
তিনি বলেন, শিশুদের সাংবাদিকতা শেখানো মানে শুধু সংবাদ লেখা শেখানো নয়; বরং তাদের ভেতরে সত্যের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি তৈরি করা। এই শিশুরাই একদিন সমাজের বিবেক হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল এবং ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্সের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও হ্যালো’র শিশু সাংবাদিক তীর্যক মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু প্রতিনিধি মায়িশা মৌনতা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আঞ্জুমান আরা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্যে নাজমুন নাহার বলেন, শিশুদের মধ্যে মানবিকতা, ন্যায়বোধ ও নেতৃত্বের গুণ তৈরি করা গেলে তারাই আগামী দিনে সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে।
জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল বলেন, শিশু বয়স থেকেই সঠিক তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে উঠলে তারা কখনো গুজব বা অপসংবাদের অংশ হবে না। এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী।
কর্মশালার একটি বড় আকর্ষণ ছিল হ্যালো’র সাংবাদিকদের প্রতিকী গাড়ির ফটোস্ট্যান্ড, যেখানে শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ ছিল স্পষ্ট।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজের আন্তর্জাতিক বিভাগের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস। তিনি শিশুদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, লেখার কৌশল ও নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শিমুল মণ্ডল। তিনি বলেন, এই শিশুরা শুধু সাংবাদিক নয়, তারা হবে বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও মানবিক মানুষ। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এমন প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির, অধ্যাপক অভিজিৎ সাহা, এখন টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, আড়পাঙাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ার্দার, নাগরিক টিভির সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, দৈনিক খবরের কাগজের সাংবাদিক জাকির হোসেনসহ শিশু সাংবাদিক তাসিন মাহমুদ ও উজ্জয়নী জোয়ার্দার মুমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজানা জোয়ার্দার।
বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির বলেন, শিশুদের মাঝে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও অনুসন্ধানী মনোভাব তৈরি হলে তারা সত্য অনুসন্ধানে আরও দৃঢ় হবে।
সাতক্ষীরা সদরের বিনেরপোতায় অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর আধুনিক ডিজিটাল ট্রেনিং হলরুমে আয়োজিত এই কর্মশালায় স্কুল ও মাদ্রাসার মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও অন্তজ জনগোষ্ঠীর কন্যা ও ছেলে শিশুরা অংশ নেয়।
প্রশিক্ষণ শেষে শিশুরা মানুষের পাশে দাঁড়ানো, সত্য যাচাই করে তুলে ধরা এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। অভিভাবকদের সমর্থন ও শিক্ষকদের অনুপ্রেরণায় এই শিশুসাংবাদিকদের যাত্রা যেন হয়ে উঠছে সত্যের পথে এক আশার আলো—যা আগামীর সমাজকে আরও ন্যায়ভিত্তিক করে তুলবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

